August 27, 2026, 5:44 am

শিশু তাসিন হত্যা: রহস্য উদঘাটনের দাবি,

রাশেদুজ্জামান, ক্রাইম রিপোর্টার, ঢাকা

ঢাকার আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ১৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. শহীদ মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন। ২০ আগস্ট মামলাটি ১১৫ নম্বর হিসেবে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় রুজু করা হয়। তদন্তভার দেওয়া হয় এসআই মো. রাসেল আহমেদের ওপর। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সাইফুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। তার দেখানো ও শনাক্ত মতে একটি লাল শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক, ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল এবং বারান্দার নিচে স্কচটেপে মোড়ানো একটি রোল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, আলামত উদ্ধারের পর সাইফুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এবং একদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমদিকে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তথ্যপ্রযুক্তির সহায়তা ও পুনরায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্তে সাইফুল ছাড়া অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার