জয়পুরহাটের কালাই উপজেলা সদরের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় ২৫ নভেম্বর, বুধবার দুপুরে হাতি দিয়ে দোকানগুলোর কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। কালাই বাসস্ট্যান্ডের ‘বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ সহ আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মাহুতকে হাতি নিয়ে অর্থ আদায় করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, একজন মাহুত হাতির পিঠে চড়ে কালাই বাসস্ট্যান্ড এলাকার দোকানগুলোর সামনে গিয়ে হাতিটিকে দাঁড় করাচ্ছেন। এ সময় হাতিটি তার শুঁড় বাড়িয়ে দোকানদারদের কাছ থেকে টাকা দাবি করছে। বিশালদেহী প্রাণীটির ভয়ে এবং অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে হাতির শুঁড়ে টাকা তুলে দিচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাঝেমধ্যেই বহিরাগত মাহুতরা হাতি নিয়ে বাজারে ঢুকে পড়ে এবং দোকান প্রতি বিভিন্ন অঙ্কের টাকা আদায় করে। ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় এভাবে হাতি ঘোরানোর ফলে পথচারী ও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জনদুর্ভোগ ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।