November 25, 2026, 10:07 am

মানিকগঞ্জে বারসিকের উদ্যোগে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা

ছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

 

 

মানিকগঞ্জে বারসিকের উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন সংগ্রামী নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সরকারি সমন্বিত ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’ স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা নারী উন্নয়ন কমিটির সহসভাপতি ও নারীনেত্রী আঁখি আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নাসরিন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, গ্রিন কোয়ালিশনের সদস্য জয়নাল আবেদীনসহ অন্যরা। উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন খোদেজা সুলতানা লোপা। স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী-পুরুষ সবার সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। সামাজিক অবক্ষয় রোধে শাস্তি বা মারধরের পরিবর্তে সংশোধন ও কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে অডিও-ভিডিও এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আলোচনা সভায় বক্তারা নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।



ফেসবুক কর্নার