
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা অবরোধ সৃষ্টি করলে দুই মহাসড়কেই যান চলাচল ব্যাহত হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।
গাজীপুর চৌরাস্তার কাছাকাছি পালেরপাড়া এলাকায় একটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ছয় সদস্যের একটি পুলিশ দল শ্রমিকদের ঘেরাওয়ের মুখে পড়ে এবং তাঁদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন স্থানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক ও একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এক স্থান থেকে সরিয়ে দেওয়া হলেও শ্রমিকেরা অন্য স্থানে গিয়ে আবার সড়কে অবস্থান নেন।
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।