October 8, 2026, 5:05 am

স্ত্রীকে মারধর ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

জালাল হোসেন

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে মারধরের ঘটনা থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজল মালি ওই গ্রামের জিতেন মালির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সজল মালির স্ত্রী দুলালী মালির সঙ্গে প্রতিবেশী মুক্তি মালির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তি মালির পক্ষ নিয়ে মণ্ডলী মালি ও মালা মালি সেখানে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে, তাঁরা দুলালী মালিকে মারধর করেন।
স্ত্রীকে মারধরের খবর পেয়ে সজল মালি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় মাটিতে পড়ে থাকা আমগাছের একটি ডাল দিয়ে মুক্তি মালি তাঁকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রী দুলালী মালি এ ঘটনায় থানায় হত্যা মামলার আবেদন করেছেন।
নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের ভূমিকা তদন্ত করে দেখছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার