October 8, 2026, 11:34 am
শিরোনাম :

ফেনীতে জামায়াতের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ

অভয়নগর প্রতিবেদক

আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। এতে মিছিলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে দলটির নেতারা দাবি করেছেন। তবে ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন। বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, স্বাগত মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত অবগত নন বলে জানান। ঘটনার প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।



ফেসবুক কর্নার