যশোরের বেনাপোল সীমান্তে সম্ভাব্য নাশকতা ও অনুপ্রবেশ ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ সতর্কতা নেওয়া হয়েছে।
গতকাল রোববার (২২ নভেম্বর) দিনভর বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্ত ঘিরে নানা আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, আওয়ামী লীগের চার শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভারতের পেট্রাপোল সীমান্তে অবস্থান করছেন। একই দিনে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশের ঘটনাকে কেন্দ্র করেও বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
রোববার দিবাগত রাতে শার্শা উপজেলা বিএনপির নেতারা বেনাপোল চেকপোস্টে গিয়ে বিজিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় লাশবাহী অ্যাম্বুলেন্সসহ সীমান্ত দিয়ে চলাচলকারী সব যানবাহন সতর্কতার সঙ্গে তল্লাশির আহ্বান জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, লাশবাহী গাড়িগুলো যেন যথাযথভাবে তল্লাশি করা হয় এবং কোনো সন্দেহজনক বিষয় যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে না যায়।
নুরুজ্জামান লিটনের দাবি, তাঁদের কাছে তথ্য রয়েছে, লাশবাহী গাড়িতে করে শেখ হাসিনা দেশে আসতে পারেন। তাই সীমান্তের নিরাপত্তার স্বার্থে প্রতিটি যানবাহনে সতর্কতার সঙ্গে তল্লাশি চালানোর জন্য তিনি বিজিবি সদস্যদের প্রতি অনুরোধ জানান। এ সময় বিএনপির অন্যান্য নেতার পাশাপাশি বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি উপস্থিত ছিলেন।
এদিকে রোববার দিনভর বেনাপোলের বিভিন্ন স্থানে বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলে। বিভিন্ন সমাবেশে বিএনপির নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আওয়ামী লীগের চার নেতার পেট্রাপোল সীমান্তে অবস্থান কিংবা লাশবাহী গাড়িতে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি