November 23, 2026, 11:08 am

রাজু হত্যা মামলায় নিক্সনসহ ২৪৬ জন আসামি

বিপ্লব পোদ্দার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

 

 

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহতের স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গত ১৮ নভেম্বর রাতে উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতার মধ্যে রাজু মোল্লা হত্যার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঘটনার রাতে হামিরদী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। বাড়ি ফেরার পথে হামলাকারীদের কবলে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। অভিযোগ অনুযায়ী, তাঁকে ধরে নিয়ে মারধর করে হত্যা করা হয় এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন ফরিদপুর-বরিশাল মহাসড়কে জানাজা শেষে বাকপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহতের স্ত্রী রিয়া বেগম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল রাজু মোল্লার পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার