November 23, 2026, 11:01 am
শিরোনাম :
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন পরিত্যক্ত ভবনেই চলছে দাপ্তরিক কাজ, দুর্ঘটনার শঙ্কায় সেবাগ্রহীতারা নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

পরিত্যক্ত ভবনেই চলছে দাপ্তরিক কাজ, দুর্ঘটনার শঙ্কায় সেবাগ্রহীতারা

নাঈম বিশ্বাস,​কুমারখালী (কুষ্টিয়া)  ॥

​কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষিত ভবনগুলোতেই টানা আট বছর ধরে চলছে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম। জরাজীর্ণ এসব ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল এবং মরিচা ধরা রড বেরিয়ে পড়ার মতো ঝুঁকির মধ্যেই দাপ্তরিক কাজ সারছেন সংশ্লিষ্টরা। এতে চরম আতঙ্কে কাজ করার পাশাপাশি সেবা নিতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষও।​সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের তিনটি পরিত্যক্ত ভবনে বর্তমানে কৃষি সম্প্রসারণ কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন কার্যালয়, সিনিয়র মৎস্য কার্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় এবং দলিল লেখক সমিতির দপ্তর রয়েছে। ভবনগুলোর ভেতরে-বাইরে ফাটল ও খসে পড়া পলেস্তারার চিহ্ন স্পষ্ট, আর চারপাশে জমেছে আগাছা। এসব দপ্তরে প্রতিদিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও বীর মুক্তিযোদ্ধা অবস্থান করেন।​সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিকান্ত বিশ্বাস বলেন, “ভবনের ছাদের অবস্থা খুবই খারাপ। পলেস্তারা খসে খসে পড়ছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি।”​উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, “আমাদের এই ভবনটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু উপযুক্ত কোনো জায়গা না পাওয়ার কারণে আমরা স্থানান্তরিত হতে পারিনি। বিভিন্ন সময় ছাদ ভেঙে পড়ে। তারপরও আমরা ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছি।”​এদিকে জরাজীর্ণ ভবনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো নতুন করে শঙ্কা তৈরি করেছে। ঝড় বা বৃষ্টির সময় গাছ ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, “আমরা আমাদের ভবনগুলোর প্রকৃত চিত্র সম্পর্কে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা আশাবাদী, উপজেলা পরিষদের একটি কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু করতে পারবো।”​দীর্ঘ আট বছরেও বিকল্প ব্যবস্থা না হওয়ায় এবং মরা গাছগুলো না কাটায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বড় কোনো অঘটন ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবন ও মরা গাছ অপসারণ এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার