
কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম মন্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় হালিম মন্ডল গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বকুল সর্দার (৪০) নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনি খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।