October 5, 2026, 7:13 am

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি এবং গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
এ ছাড়া রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সব মিলিয়ে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার