
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুনে সৃষ্ট ধোঁয়ায় তৃতীয় তলায় আটকে পড়ে অসুস্থ হওয়া ৭০ শ্রমিককে উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।