October 5, 2026, 5:45 am

অনলাইনে হবে বিবাহ-তালাক নিবন্ধন, যুক্ত হবে এনআইডিতে

অভয়নগর প্রতিবেদক

বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনে চালু করার পাশাপাশি এ তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে কাজীদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিবন্ধনব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, অনলাইন নিবন্ধনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মানুষের বৈবাহিক সম্পর্কের তথ্য কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এতে বাল্যবিবাহ ও বহুবিবাহ শনাক্ত করা সহজ হবে। আগের বিয়ের তথ্য গোপন করে কেউ বিয়ে করতে চাইলে তার বৈবাহিক ইতিহাসও যাচাই করা যাবে। একই সঙ্গে উত্তরাধিকার নিয়ে ভুয়া দাবি ও মামলা-মোকদ্দমা কমাতে এ ব্যবস্থা সহায়ক হবে বলে জানান তিনি।
বিদেশে স্ত্রীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনলাইন নিবন্ধন কাজে আসবে বলে জানান আইনমন্ত্রী। সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ অনলাইনে তথ্য যাচাই করে বৈবাহিক সম্পর্কের সত্যতা নিশ্চিত করতে পারবে। এতে পুলিশি যাচাইয়ের প্রয়োজন ও ভোগান্তি কমার পাশাপাশি ঘুষ লেনদেনও কমানো সম্ভব হবে বলে জানান তিনি। কাজীদের পেশাগত মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।



ফেসবুক কর্নার