
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির নেতা সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করে ডিবি। শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির কর্মকর্তা মোহাম্মদ রাকিব খাঁন জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সাজ্জাদ শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য।