October 5, 2026, 3:12 am

পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ নয়

অভয়নগর প্রতিবেদক

ছাপাখানার কোনো মালিক পাঠ্যবই ছাপার কাজে প্রতারণা বা অনিয়ম করলে আগামী বছর থেকে তাকে আর কাজ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো ছাপাখানা একবার প্রতারণা করলে পরবর্তী সময়ে তাকে আর বই ছাপাতে দেওয়া হবে না। স্থানীয় শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি ছাপাখানার মালিকদের ভেবে-চিন্তে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একবার প্রতারণা করলে পরেরবার বাদ দেওয়া হবে।
আগের বছরগুলোতে ভারত থেকে পাঠ্যবই ছাপিয়ে আনা হলেও এবার দেশের ছাপাখানার মালিকেরা সহযোগিতা করছেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার ছাপার মান কিছুটা ভিন্ন এবং সবাই সহযোগিতা করলে সময়মতো পাঠ্যবই পাওয়া যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়মতো বই দেওয়া হয়েছিল এবং এবারও পাঠ্যবই ভালো হবে।



ফেসবুক কর্নার