
অতীতের গ্লানি ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্যমে দেশের পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী শোভাযাত্রা, সাইকেল র্যালি, সুবিধাবঞ্চিত শিশুদের সিটি ট্যুর, অংশীজন ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় এবং প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ১৬টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দেওয়া হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতকেও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পর্যটনের অবদান জিডিপির প্রায় ৩ শতাংশ থেকে ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ১৮০ দিনের কর্মপরিকল্পনায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত, নদী ও জলাভূমিভিত্তিক পর্যটন সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব এবং পিপিপি মডেলে ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।