
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্যকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তাদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্তমান তথ্যপ্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি ও দায়িত্বশীল যোগাযোগ দক্ষতা অর্জন জরুরি। নটরডেম কলেজে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ক্যাম্পাসে এসে পুরোনো অনেক স্মৃতি ফিরে এসেছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, এ ধরনের মিডিয়া কার্নিভাল নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীরা সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি, ফাদার অ্যান্টনি গোমেজ রোজারিও, সিএসসি, নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের মডারেটর শাপলা বনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২ ও ৩ অক্টোবর আয়োজিত কার্নিভালে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।