
সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের ৩২ দশমিক ৮৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৫৪টি, এতে নিহত হয়েছেন ১৩৯ জন। এছাড়া ১০৬ জন পথচারী নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার মধ্যে ১৭৮টি আঞ্চলিক সড়কে, ১৪৫টি জাতীয় মহাসড়কে, ৫৬টি গ্রামীণ সড়কে এবং ৬৩টি শহরের সড়কে ঘটেছে। ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে, ১০৯টিতে পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া হয়েছে এবং ৯৮টি ছিল মুখোমুখি সংঘর্ষ। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। রাজধানীতে ৫২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, সেপ্টেম্বরে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন এবং ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, অধিকাংশ সড়ক দুর্ঘটনা অতিরিক্ত গতিতে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটছে। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত নজরদারি, চালকদের প্রশিক্ষণ, ত্রুটিপূর্ণ যানবাহন প্রত্যাহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংস্কারের সুপারিশ করেছে তারা।