October 5, 2026, 12:00 am

পথশিশুদের ঘরে ফেরাতে উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

পথশিশুদের কীভাবে ধীরে ধীরে পথ থেকে ঘরে ফিরিয়ে নেওয়া যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত ‘শিশুশ্রম নিয়ে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৪ বছরের নিচে কোনো শিশু যাতে বাসাবাড়িতে কাজ না করে, সে উদ্যোগ ব্যক্তিপর্যায় থেকেই নিতে হবে। শিশু নির্যাতনের ঘটনায় আইনের ফাঁকফোকরে অপরাধীরা বেরিয়ে যায় উল্লেখ করে তিনি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে গণসচেতনতার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিও কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর ছোট ছোট উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি। সংলাপে শিশুশ্রম নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত ও তথ্য তুলে ধরেন।



ফেসবুক কর্নার