October 4, 2026, 11:46 pm

নারীর নির্বাচনী অংশগ্রহণে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

রাজনীতি ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানো, রাষ্ট্রীয় অর্থায়ন এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মুহম্মদ সানাউল্লাহ। রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্মঅধিবেশনে এক সেশনে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের জয়লাভের হার তুলনামূলক কম ছিল। অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বর্তমানে ১৬-১৭ শতাংশ, যা আঞ্চলিক গড়ের চেয়ে কিছুটা বেশি। নারী ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক বলে জানান তিনি।
সানাউল্লাহ বলেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু প্রার্থী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; ভোট দেওয়া, নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক দলের নেতৃত্ব এবং নাগরিক সমাজ ও তৃণমূল সংগঠনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেও তাদের ভূমিকা বাড়াতে হবে। নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিতে সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার