
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিদের ফেরত আনার চলমান প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশা করে। প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে আসামিদের ফেরত আনা সম্ভব বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনও নাকচ করেন শামা ওবায়েদ। সান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ছিল না জানিয়ে তিনি বলেন, সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তার সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল। গুঞ্জনে কান না দিয়ে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। হাইটেক কোম্পানিগুলো বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে সুফল পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর তুরস্ক সফর রয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, সফরের সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।