October 4, 2026, 11:46 pm

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১৮

তানভীর আজাদ জাহিদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির এক নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রায় ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং কাকন বাহিনীর সক্রিয় সদস্য ও জোড়া হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে পুলিশের তালিকাভুক্ত টুয়েল। পুলিশের তথ্যমতে, মনি ফরাজীকে জুয়া খেলার অভিযোগে আরও ছয়জনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন, ছয় বোতল স্কাব কফ সিরাপসহ একজন, জুয়া খেলার অভিযোগে সাতজন, মাদক সেবনের অভিযোগে দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে আটক করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, উপজেলার আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার