October 5, 2026, 4:24 am

ফুটপাত-সড়ক দখল করে হকার বসতে দেবে না চউক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে বসানো হকার ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে সকালে হকারদের নিজ নিজ দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে মালামাল না সরানোয় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক হকার প্লাস্টিক ও কাপড় দিয়ে মালামাল ঢেকে দ্রুত সরে যান। পরে বিপণিবিতান বণিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে ফুটপাত ও সড়ক দখলের কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন চউক চেয়ারম্যান।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ ভবন-সংলগ্ন এলাকা এবং নিউ মার্কেটের ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। জনগণের চলাচলের জায়গা দখল করে ব্যবসার সুযোগ নেই। তবে হকারদের পুনর্বাসনের বিষয়টি মানবিক ও সমন্বিতভাবে বিবেচনা করা হবে। সোমবার থেকে এসব এলাকায় না বসার প্রতিশ্রুতি দিয়েছেন হকার নেতারা। পুনরায় দখল করলে চউকের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার