October 5, 2026, 3:35 am

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৪

অভয়নগর প্রতিবেদক

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১৪ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ৮টার দিকে পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমান হলের ফটকের সামনে আসেন। তাদের উদ্দেশ্য হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধর করা ছিল বলে অভিযোগ। হামলাকারীদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অস্ত্র হাতে অবস্থানরতদের ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এ সময় সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিক আহত হন।

গুরুতর আহত সাংবাদিকরা হলেন আরিফ উজ্জামান কোরবান, জাহিদুল ইসলাম, নূর আহসান মৃদুল ও মাঈনুল ইসলাম রাজু। হামলায় ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথির নাম উঠে এসেছে। এ ছাড়া আরও কয়েকজন নেতাকর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমরা ব্যর্থ, আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।” তিনি জানান, পুলিশকে ফোন দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা এগিয়ে আসেনি।



ফেসবুক কর্নার