
নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর ২৩ বছর বয়সী এক তরুণীকে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে লালপুর ডিগ্রি কলেজসংলগ্ন একটি ফাঁকা বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার ভিডিও ধারণ করে পরে ওই তরুণীর কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও রয়েছে।
তরুণীর অভিযোগ, মোবাইল ফোনে আশিকের সঙ্গে প্রায় এক মাসের প্রেমের সম্পর্কের পর শনিবার তাকে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে নিয়ে যাওয়া হয়। পরে রিকশায় করে কলেজসংলগ্ন ফাঁকা বাড়িতে নিয়ে গেলে সেখানে আগে থেকেই আশিকের দুই বন্ধু শাকিল ইসলাম বাঁধন (২০) ও কাজল (২২) উপস্থিত ছিলেন। পরিবারের কাছে ঘটনা জানানোর পর রাতে লালপুর থানায় অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের পর রোববার অভিযান চালিয়ে আশিক, বাঁধন ও কাজলকে পুলিশ হেফাজতে নেয়। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ঘটনার কথা স্বীকার করেছে। তরুণীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সোমবার তিনজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানান ওসি।