October 5, 2026, 10:31 am

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী কম, উদ্বেগ সিইসির

অভয়নগর প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ বেশি হবে আশা করলেও নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ অক্টোবর) নির্বাচন কমিশনের ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে জেন্ডার সমতা নিশ্চিতকরণবিষয়ক পর্যালোচনা কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, গণতন্ত্রের অপরিহার্য উপাদান নারীর অংশগ্রহণ। তবে সামাজিক সংস্কৃতি ও প্রচলিত বিশ্বাসের কারণে পরিবর্তন সহজে আসে না। নারী অংশগ্রহণ বাড়াতে বড় পরিসরে সচেতনতামূলক প্রচারাভিযান এবং তথ্যনির্ভর নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি। জনগোষ্ঠীর অর্ধেককে বাইরে রেখে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সিইসি।
কর্মশালায় ইউএন উইমেনের কান্ট্রি প্রতিনিধি গীতাঞ্জলি সিং নারীদের আর্থিক, সামাজিক ও প্রযুক্তিগত বাধা দূর করার ওপর গুরুত্ব দেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নারী প্রার্থীর সংখ্যা বাড়াতে দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলেন। অন্য কমিশনাররা নারী ভোটার নিবন্ধন সহজ করা, হয়রানি বন্ধ, সমান সুযোগ নিশ্চিত, অপতথ্য প্রতিরোধ এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।



ফেসবুক কর্নার