October 5, 2026, 12:08 pm

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন সাজে ডিএসসিসি

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্কার করা ফুটপাতে নতুন ডাস্টবিন, বিশ্রামের জন্য বেঞ্চ ও সীমানা প্রাচীর সংস্কার করা হয়েছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদীন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি স্থাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। নির্ধারিত বিকল্প স্থানে ব্যবসা করতে হবে। উচ্ছেদের পর কেউ নিষিদ্ধ স্থানে পুনরায় বসলে মালামাল ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক বলেন, হকারদের ক্ষতি না করে বিকল্প ব্যবস্থা হিসেবে পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ এবং অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের ফুটপাতে বসার সুযোগ দেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকাকে পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার