
আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসের সভা কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বক্তব্য দেন। এতে সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রতিটি মা ইলিশ প্রায় ৩ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দেয়। এ সময় মা ইলিশ নিধন করলে ইলিশের উৎপাদন কমে যেতে পারে। তাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন ইলিশ আহরণ ও বিক্রি বন্ধ রাখা হয়েছে। এ সময়ে উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।