October 5, 2026, 2:59 pm
শিরোনাম :

৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসা এই শিক্ষাব্রতীকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে সম্মাননা দেওয়া হয়। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সম্মাননা তুলে দেন। প্রত্যেক সম্মাননাপ্রাপ্ত শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে লুৎফুর রহমান সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন। অর্থের অভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তার দীর্ঘদিনের কাজ। কোনো প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও প্রজন্মের পর প্রজন্ম শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এক টাকার বিনিময়ে পড়ানোর উদ্যোগ তাকে গাইবান্ধায় ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত করে তোলে।
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে লুৎফুর রহমানকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। একই ক্যাটাগরিতে ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানও সম্মাননা পেয়েছেন। বিভিন্ন শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিচারক ও সার্চ কমিটির মাধ্যমে শিক্ষকদের বাছাই করা হয়।



ফেসবুক কর্নার