ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল এসি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন আলী (৪০) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর প্যান্টের পকেটে থাকা একটি পুঁটলি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন আলী এবং মায়ের নাম মমতাজ বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি এসি বাসে মাদক বহনের তথ্য পায় ভাঙ্গা থানা পুলিশ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বগাইল টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। অভিযানে এএসআই আতাউর রহমানসহ পুলিশের অন্য সদস্যরাও অংশ নেন।
রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেট্রো-ব-১২-৪৬১৫ নম্বরের বাসটি টোল প্লাজা এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের জে-১ নম্বর আসনে বসা সুমন আলীর প্যান্টের পকেটে থাকা একটি পুঁটলি থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৮০ গ্রাম। এর মধ্যে ১৯ পিস সবুজ রঙের এবং ১ হাজার ৭৮১ পিস হালকা কমলা রঙের ইয়াবা ছিল।
পরে উদ্ধার করা ইয়াবা ও বাসের টিকিট জব্দ করে সুমন আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার সুমন আলীকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।