
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্র রয়েছে, অন্য উৎসগুলো অনিশ্চিত।
মন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে ভোক্তাপর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। এমন বাস্তবতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণ ভোট দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোক্তারা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে চলতি মাসেই আবারও বৈঠকে বসা হবে।