October 20, 2026, 3:12 pm

লুটপাট-চাঁদাবাজির হিসাব দিতে হবে: জামায়াত আমির

এম. ইউছুফ, চট্টগ্রাম মহানগর করেসপন্ডেন্ট

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। জনগণ লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আয়োজনে প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন করতে হবে এবং সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। মানুষের অধিকার হরণ ও অন্যের হক নষ্ট করার পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, কথার প্রতিযোগিতায় না গিয়ে আদর্শ, নৈতিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও মুহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

বক্তারা তাঁদের বক্তব্যে ন্যায়বিচার, সততা, ইসলামী মূল্যবোধ, সাংগঠনিক ঐক্য ও জনকল্যাণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দেশ ও জাতির কল্যাণে প্রাক্তন সাথী-সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার