
এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের প্রশংসা করেছেন বার্সেলোনার তারকা গাভি। এমবাপেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় উল্লেখ করার পাশাপাশি তাঁকে নিয়ে সতর্ক থাকার কথাও বলেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। লা লিগার দশম রাউন্ডে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এমবাপেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান গাভি।
এমবাপে সম্পর্কে গাভি বলেন, তিনি সবসময়ই ফরাসি তারকাকে শ্রদ্ধা করেন এবং তাঁর খেলা উপভোগ করেন। চলতি লিগে ৯ গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এমবাপে। অন্যদিকে, বার্সেলোনার রাফিনিয়া ১২ গোল করে রয়েছেন শীর্ষে। গাভির মতে, এমবাপে যেকোনো আক্রমণ থেকেই প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন। তাই পুরো ম্যাচজুড়ে তাঁর গতিবিধির দিকে সতর্ক নজর রাখতে হবে বার্সেলোনাকে।
এমবাপের গোল করার সামর্থ্য ও ব্যক্তিগত অর্জনের সম্ভাবনা থাকা সত্ত্বেও শিরোপা জয়ের খরা নিয়ে প্রশ্নের জবাবে গাভি বলেন, শিরোপা জিততে দলের পরিস্থিতি ও সতীর্থদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এমবাপে শিরোপা না জিতলেও তাতে তাঁর অসাধারণ খেলোয়াড় হওয়ার সত্য বদলে যায় না। এ প্রসঙ্গে গাভি বলেন, যাঁরা এমবাপের গুণ দেখতে পান না, তাঁরা অন্ধ। তবে প্রতিপক্ষের তারকার প্রশংসা করলেও ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সতীর্থ লামিন ইয়ামালকেই সমর্থন করছেন তিনি।