
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকায় সফরকালে তাঁর সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল। পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। প্রদর্শনীর তৃতীয় দিন, ৬ নভেম্বর শুক্রবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান। পাশাপাশি প্রদর্শনীতে তাঁর মা ফারহানা সোহেলের নকশা করা পোশাকও স্থান পাবে।
এ প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। পাকিস্তানি সংস্কৃতি ও ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন বিলাল আব্বাস। তাঁর আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’।