
নিখোঁজের একদিন পর ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত তাহসিন সাউরি বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
নৌপুলিশের এ কর্মকর্তা জানান, তাহসিন সপরিবারে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।