
ইসরাইলের পরবর্তী সরকার গঠনে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরাজিত হয়েছেন। তাঁর হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট পেয়েছে প্রায় ৫৫টি আসন, আর বিরোধী জোটের আসনসংখ্যা ৬৫।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান গোলান বলেন, আসনসংখ্যার হিসাবে ৬৫, ৫৫-এর চেয়ে বেশি এবং এভাবেই গণতন্ত্র কাজ করে। তিনি ইহুদি ও আরব ভোটের মধ্যে নেতানিয়াহুর তৈরি করা বিভাজনের সমালোচনা করে বলেন, তাইবেহতে ভোট দেওয়া একজন ইসরাইলি নাগরিকের ভোটের মূল্য গিভাত শমুয়েলে ভোট দেওয়া নাগরিকের ভোটের সমান। রাআম ও জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের ৮৫ শতাংশ ভোট গণনা শেষে প্রাথমিক হিসাবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার ডানপন্থি মিত্ররা নেসেটের ১২০ আসনের মধ্যে ৫৩টি পেতে পারে। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ও তার জোটের অন্য তিনটি দল পেতে পারে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে ইহুদি দলগুলোর মধ্যে মাত্র একটি ছাড়া বাকিরা আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছে। সেনাসদস্য ও কূটনীতিকদের ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ভোট গণনা বাকি থাকায় চূড়ান্ত ফল প্রকাশে আরও এক থেকে দুই দিন লাগতে পারে।