
ভারতের তামিলনাড়ুতে অসুস্থতার ভান করে কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে পালিয়েছেন ১৭ বন্দি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রিপাবলিক ওয়ার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে চার বন্দিকে পুনরায় গ্রেপ্তার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, একই কক্ষে থাকা এক বন্দি অসুস্থতার ভান করলে কারারক্ষীরা তদন্তের জন্য সেখানে প্রবেশ করেন। এ সময় বন্দিরা তাঁদের ওপর হামলা চালান। এতে থেক্কামপট্টি উপকারাগারের দ্বিতীয় শ্রেণির পুলিশ কর্মকর্তা থাঙ্গাপান্ডি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে জি ভিলান্কু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দুই কারারক্ষী সামান্য আহত হন।
দক্ষিণাঞ্চলের পুলিশ মহাপরিদর্শক বিজয়েন্দ্র বিদারিসহ কর্মকর্তারা চার বন্দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পলাতকদের ধরতে তামিলনাড়ু পুলিশ ১৭টি বিশেষ দল গঠন করেছে। মাদুরাই, দিন্দিগুল, ইডুক্কিসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং ১৬টি চেকপোস্টে যানবাহন পরীক্ষা করা হচ্ছে। এদিকে ডিএমকে নেতা পি উইলসন কারাগারের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি গত সপ্তাহে পুঝাল কারাগার থেকেও বন্দি পালানোর ঘটনার কথা উল্লেখ করেন।