
ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কৈশোর থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ পথচলায় তৌসিফের কাছ থেকে নানা উপায়ে অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ে জয়ী হওয়া এবং দুজনের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধনের কথাও তুলে ধরেছেন স্পর্শিয়া।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে স্পর্শিয়া লেখেন, ২০০৯ সাল থেকে কৈশোর পেরিয়ে বর্তমান অবস্থানে পৌঁছানোর দীর্ঘ যাত্রায় তৌসিফ তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। তাঁর ভাষায়, ‘তোমার জন্য আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের জন্য গর্ব অনুভব করি।’ পেশাগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও তৌসিফকে নিয়ে গর্বিত বলে জানান তিনি।
স্পর্শিয়া আরও আশা প্রকাশ করেন, নানা চড়াই-উতরাই পেরিয়েও তাঁদের মধ্যকার শ্রদ্ধা ও বন্ধন যেন কখনো ম্লান না হয়। তৌসিফের প্রাপ্য সবকিছু যেন সৃষ্টিকর্তা তাঁকে দান করেন, সেই প্রার্থনাও করেন অভিনেত্রী। সবশেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তৌসিফের প্রতি ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন তিনি।