
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অপরাধভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’র নির্মাতা ও বর্ষীয়ান প্রযোজক-পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং মারা গেছেন। বিপি সিং নামে পরিচিত এই নির্মাতা মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ ভারতীয় টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিকগুলোর একটি। এতে মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের নানা রহস্যজনক ঘটনার সমাধান করতে দেখা যেত। জটিল অপরাধের তদন্ত, নাটকীয় মোড় ও চরিত্রগুলোর অভিনয়ের কারণে ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
অপরাধভিত্তিক ধারাবাহিকের পাশাপাশি ভৌতিক ও রহস্যধর্মী অনুষ্ঠান নির্মাণেও পরিচিতি ছিল বিপি সিংয়ের। তাঁর নির্মিত ‘আহট’ ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। দীর্ঘ কর্মজীবনে ‘সিআইডি’ ও ‘আহট’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে অপরাধ, ভৌতিক ও রহস্যধর্মী গল্পকে জনপ্রিয় করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।