October 27, 2026, 4:01 pm

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

শ্রী পবিত্র চন্দ্র দাস, ব্যুরো চিফ, বগুড়া

বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মহানগরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। রেজাউল করিম বাদশা বলেন, যুবদল বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানো, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও খায়রুল বাসারসহ অন্য নেতারা। পরে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।



ফেসবুক কর্নার