October 27, 2026, 3:58 pm

৩২ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছে অক্ষয়-রাভিনার ‘মোহরা’

অভয়নগর প্রতিবেদক

 

১৯৯৪ সালে মুক্তি পাওয়া বলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মোহরা’ ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে। রাজীব রাই পরিচালিত এবং গুলশান রাই প্রযোজিত সিনেমাটি আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ও সুনীল শেঠি। নতুন কোনো সিনেমা নয়, পুরোনো এই জনপ্রিয় ছবির পুনঃমুক্তির মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে আসছেন তারকারা।

‘মোহরা’ সিনেমার গল্পে বিশাল অগ্নিহোত্রী চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি। স্ত্রীর হত্যার বিচার চাইতে গিয়ে কারাবন্দি হওয়া বিশালকে মুক্তি পেতে সাহায্য করেন সাংবাদিক রোমা সিং, যার চরিত্রে রয়েছেন রাভিনা ট্যান্ডন। পরে প্রভাবশালী জিন্দালের হয়ে অপরাধীদের নিশানা করতে গিয়ে জড়িয়ে পড়েন ষড়যন্ত্রে। অন্যদিকে, ইন্সপেক্টর অমর সাক্সেনা চরিত্রে অক্ষয় কুমার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে উন্মোচন করেন প্রতিশোধ, আনুগত্য ও বিশ্বাসঘাতকতাকে ঘিরে থাকা রহস্য।

সিনেমাটির জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এর সংগীত। ভিজু শাহের সুরে ‘তু চিজ বারি হ্যায় মাস্ত মাস্ত’ ও ‘টিপ টিপ বরসা পানি’সহ বেশ কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৯৪ সালে মুক্তির পর ‘হাম আপকে হ্যায় কৌন..!’-এর পর বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়েছিল ‘মোহরা’। সম্প্রতি ত্রিমূর্তি ফিল্মস তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমাটির পুনঃমুক্তির ঘোষণা দিয়েছে। পাশাপাশি প্রকাশ করেছে নতুন পোস্টার, যেখানে ছবিটির সাসপেন্স, রোমাঞ্চ ও সংগীতের অভিজ্ঞতা আবারও উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার