
বিদেশি নাগরিক হয়েও ভারতে রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে দেশ ছাড়ার নির্দেশ পেয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছিল। তবে মঙ্গলবার (২৭ অক্টোবর) বম্বে হাইকোর্ট জানিয়েছেন, আপাতত তাঁকে ভারত ছাড়তে হবে না। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর।
মঙ্গলবার প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে ইমরানের আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড জরুরি ভিত্তিতে বিষয়টি বিবেচনার আবেদন জানান। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য আদালতের কাছে সময় চান। পরে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এর আগে মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর থেকে পাঠানো নোটিশে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মার্কিন নাগরিক ইমরানের কাছে ভারতের ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে। গত ১০ অক্টোবর মুম্বাইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে যান ইমরান। তাঁর দাবি, ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিকসংক্রান্ত আইন কিংবা নাগরিকত্ব আইন লঙ্ঘন করেননি তিনি। নোটিশে কোন আইনের কোন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, তা স্পষ্ট নয় বলেও দাবি করেন অভিনেতা।