October 27, 2026, 4:45 pm

নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে

অভয়নগর প্রতিবেদক

 

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাঁকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ আদেশ দেন। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাকিলের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে নিজ বাসা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে কার্যালয়ে নিয়ে যায়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, আসামির ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। স্থানীয় সূত্রের দাবি, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ধাওয়া করে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান তাঁরা। আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর পৌরসভার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।



ফেসবুক কর্নার