October 27, 2026, 4:32 pm

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অভয়নগর প্রতিবেদক

 

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এ নির্দেশ দেন। পাশাপাশি ডাকাতির মামলা রেকর্ড করে দ্রুত অপরাধের রহস্য উদ্‌ঘাটন এবং ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেন তিনি।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়াতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশ দেন তিনি।

ডাকাতি ও অন্যান্য অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্ব দেন অতিরিক্ত আইজিপি। এসব মামলায় সাজার হার বাড়ানো এবং অন্যান্য মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার নির্দেশও দেন তিনি। সমাজে ইতিবাচক ভাবমূর্তির অধিকারী ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সায়েদুর রহমান। নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হওয়ায় আইজিপির পক্ষে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত ও বিচারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।



ফেসবুক কর্নার