
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে সানায়ে তাকাইচি বলেন, দুই দেশের অর্থনৈতিক ও শিল্প সংযোগের ভিত্তি ‘বেঙ্গল বে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগটি এখন থেকে সমৃদ্ধির অংশীদারত্বের নতুন কৌশলগত সহযোগিতা কাঠামো হিসেবে পরিচালিত হবে। জাপানের মতে, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এবং প্রায় ১৭ কোটি মানুষের সম্ভাবনাময় বাজার বাংলাদেশ দেশটির অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের পরপরই জাপানের স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয় ও উন্নয়নযাত্রায় জাপানের অবস্থান বিশেষ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য জাপান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বৈঠক শেষে দুই দেশের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে শক্তিশালী ও সমৃদ্ধ হওয়ার অঙ্গীকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে।