
প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক নারীর কাছে ভারতের প্রতিরক্ষাবিষয়ক সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে দেশটির সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫২ বছর বয়সী ওই সাবেক কর্মকর্তাকে তামিলনাড়ুর ভেলোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাবু ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) সঙ্গেও যুক্ত ছিলেন।
পুলিশের অভিযোগ, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাবু তাকে প্রতিরক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ওই নারী তথ্যগুলো অন্য কারও কাছে পাঠিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। ওই নারীর পরিচয়, জাতীয়তা এবং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি পাকিস্তানের নাগরিক কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে হোয়াটসঅ্যাপের কাছে আইপি ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য চাওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, স্থানীয় গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৪ সালে অবসর নেন। পরে ডিআরডিওর সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে দায়িত্ব পালনের সময় তিনি কী ধরনের তথ্যের নাগাল পেয়েছিলেন এবং সেগুলোর কোনো অংশ ওই নারীর কাছে পৌঁছেছে কি না, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কেন্দ্রীয় তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।