November 7, 2026, 4:12 pm

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, ওসির বিরুদ্ধে অভিযোগ

মমিনুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেনের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণী। অভিযোগে ওসির বন্ধু সোহেলের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীর বাড়ি গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায়।
লিখিত অভিযোগে তরুণী দাবি করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় গেলে তৎকালীন কর্মরত ওসি ইফতেখার হোসেন তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। একপর্যায়ে তাঁর বন্ধু সোহেলের বাসায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন তরুণী। বিয়ের জন্য চাপ দিলে পাঁচ বছর অপেক্ষা করতে বলা হয় এবং পরে বিয়েতে অস্বীকৃতি জানানো হয়। এ ছাড়া গালিগালাজ, মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ আরও একজনকে দিয়ে বাসায় পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন নিয়ে কল রেকর্ড ও বার্তা মুছে ফেলার অভিযোগও করেছেন তিনি। এসব ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা দাবি করেছেন ভুক্তভোগী।



ফেসবুক কর্নার