November 7, 2026, 4:23 pm

তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

অভয়নগর প্রতিবেদক

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

তিন দফায় মোট ১০ দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। নৌ-পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দীপ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ৩০ অক্টোবর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। মামলার আরেক আসামি জেরিকা তাসনিম দিশাও বর্তমানে রিমান্ডে রয়েছেন।



ফেসবুক কর্নার