November 7, 2026, 4:27 pm

মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে ১৮ পুরস্কার জিতল ‘পাইরে’

অভয়নগর প্রতিবেদক

 

বৃদ্ধ এক দম্পতির ৬৫ বছরের দাম্পত্য, নিঃসঙ্গতা ও দূরদেশে কাজের সন্ধানে যাওয়া ছেলের অপেক্ষার গল্প নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘পাইরে’। নির্মাণের পর দুই বছর পেরিয়ে গেলেও পরিবেশক না পাওয়ায় ছবিটির মুক্তি অনিশ্চিত ছিল। অবশেষে গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সেরা চলচ্চিত্রের তিনটি পুরস্কারসহ মোট ১৮টি সম্মাননা পেয়েছে ছবিটি।

১১১ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন টেলিভিশন সাংবাদিক থেকে চলচ্চিত্র নির্মাতা হওয়া বিনোদ কাপরি। উত্তর ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে পদম সিং ও তুলসি নামের এক বৃদ্ধ দম্পতির জীবনের শেষ অধ্যায় তুলে ধরা হয়েছে। তাদের ছেলে হারিয়া ২৮ বছর আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে গিয়ে আর ফেরেননি। ছবির দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিচালকের চাচা পদম সিং ও গ্রামের বাসিন্দা হীরা দেবী। বাস্তব জীবনে তারা দুজনই সাধারণ গ্রামবাসী; এর আগে অভিনয়ের অভিজ্ঞতা ছিল না।

২০২৪ সাল থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পাওয়া ‘পাইরে’তে পাহাড়ি জনপদ জনশূন্য হয়ে পড়া, কর্মসংস্থানের অভাবে মানুষের গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও উঠে এসেছে। পরিচালকের দাবি, ছবিটি দর্শক ভোটে সেরা চলচ্চিত্র হওয়ার ১২টি পুরস্কারসহ মোট ১৮টি সম্মাননা পেয়েছে। মুক্তির পর দর্শকদের আগ্রহ বাড়ায় প্রদর্শনীর সংখ্যাও বাড়ছে। ছবির মাধ্যমে তরুণ প্রজন্মকে মাতৃভূমি ও জন্মভূমি ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা পদম সিং।



ফেসবুক কর্নার