
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেনের জন্মদিন আজ। একই দিনে জন্মদিন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও। দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জন্মদিন উপলক্ষে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে রাইমাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ঋতুপর্ণা।
ঋতুপর্ণা বলেন, একই দিনে জন্ম হওয়ায় তাদের মধ্যে অনেক মিল রয়েছে। দুজনেই মিশুক এবং সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। ‘অনুরণন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। রাইমার প্রশংসা করে তিনি বলেন, ‘ওর মনটাও ভীষণ ভালো, শিশুর মতো।’ মায়ের মৃত্যুর পর রাইমা প্রথম তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেও জানান ঋতুপর্ণা। সঙ্গে ছিলেন মুনমুন সেন।
৪৭ বছর বয়সী রাইমা এখনো বিয়ে করেননি। বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি চান, রাইমার জীবনে দ্রুত একজন আদর্শ জীবনসঙ্গী আসুক। ঋতুপর্ণার ভাষায়, রাইমা খুব প্রাণবন্ত এবং প্রতিটি কাজ মন দিয়ে করেন। জন্মদিনে বন্ধুর জীবনের সব ভালো কিছু পাওয়ার কামনাও জানিয়েছেন তিনি।